২৮ আগস্ট ২০২৬ - ১৯:২৫
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে পাশে বাংলাদেশ

নেপালে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ/সব ধরনের সহায়তায় প্রস্তুত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নেপালে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিকে প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা নেপালকে সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি। সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশেও আমরা দাঁড়াব।”

এদিন সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন ড. খলিলুর রহমান। নেপালের মন্ত্রী জানিয়েছেন, তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কী ধরনের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন তা মূল্যায়ন করছেন। আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যেই তারা বাংলাদেশকে নির্দিষ্ট চাহিদা জানাবেন বলে আশা করা হচ্ছে।

খলিলুর রহমান বলেন, নেপালের কাছ থেকে সুনির্দিষ্ট অনুরোধ পেলে বাংলাদেশ দ্রুত সাড়া দিতে প্রস্তুত। ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করা হয়।

নেপাল পুলিশের তথ্য অনুসারে, বিকেল ৩টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অনেককে নিখোঁজ অবস্থায় খোঁজা হচ্ছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পকে দায়ী করা হলেও, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, হিমবাহের বরফ, পাথর ও মাটির বিশাল ধসের কারণে এই ভয়াবহ জলস্রোতের সৃষ্টি হয়েছে।

স্রোতটি দেশটির রাসুয়া জেলাসহ বিভিন্ন এলাকা প্লাবিত করে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থায় মিশে যায়। এতে বহু বসতবাড়ি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha